খুলনার জেল সুপারকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ফার্মাসিস্ট সুধাংশু কুমার মণ্ডলকে হাসপাতালে কেন পাঠানো হলো—এ জন্য খুলনা কারাগারের জেল সুপার নুর নবী ভুঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৯ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়ছে।
অন্যদিকে সুধাংশু কুমার মণ্ডল আদৌ অসুস্থ কি না সে ব্যাপারে চিকিৎসা বোর্ড গঠন করে প্রতিবেদন দেওয়ার জন্য সিভিল সার্জন গোলাম মর্তুজাকে নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার খুলনা মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন।
২০ অক্টোবর গোয়েন্দা পুলিশ (ডিবি) সুধাংশু কুমার মণ্ডলের ফুলতলার বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ সরকারি দুই বস্তা ওষুধ উদ্ধার এবং দুই লাখ ৩০ হাজার টাকা ও দুটি পাসপোর্ট জব্দ করে। এ সময় গুদামরক্ষক সুধাংশু কুমার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, ওই ঘটনায় সুধাংশু ছাড়াও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী দোলোয়ার হোসেন, ইরিজা ও ওষুধের দোকান সাথীর মালিক আবদুল হালিম বিশ্বাসের নাম উল্লেখ করে আরও সাত-আটজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।