খুলনা নগরের দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনগুলোতে অনেক মানুষের বসবাস। ১৫ বছর আগে সিটি করপোরেশন ৬০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করলেও রহস্যজনক কারণে তার একটিও আজ পর্যন্ত ভাঙা হয়নি। সম্প্রতি এ রকম একটি ভবনের ছাদ ধসে মারা গেছে অষ্টম শ্রেণির ছাত্রী আবিদা আরিফিন শাপলা। আরও বড় দুর্ঘটনা এড়াতে এখনই এসব ভবন ভেঙে ফেলা উচিত।
গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ খুলনা আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। ‘জরাজীর্ণ ভবন ধসে আবিদা আরিফিন শাপলার মতো আর কোনো মৃত্যু চাই না’ স্লোগান নিয়ে নগরের পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নগরের বড় বাজারে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভবন। সেখানকার অধিকাংশ ভবনের নিচতলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও ওপরের তলাগুলোতে আবাসিক বসবাস। ২০০৮ সালে বড় বাজারে ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে। তখনো এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে শাপলাকে অকালে প্রাণ হারাতে হতো না।
বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো যাতে ভাঙা না হয়, সে জন্য অনেক বাড়ির মালিক আদালতে স্থিতাবস্থা জারির আবেদন করেন। আদালতের আদেশ উপেক্ষা করে ওই ভবনগুলো তখন ভাঙা সম্ভব হয় না। বাড়ির মালিকদের এ ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।
সংগঠনের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সদস্যসচিব মহেন্দ্র নাথ সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ সাদী ভুইয়া, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউর করিম, সিপিবির বাবুল হাওলাদার, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, নাগরিক অধিকার আন্দোলনের সাইদুর রহমান প্রমুখ।