খুলনার তন্বী হত্যার ন্যায্য বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তন্বী হত্যা মামলার আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে। মামলার সঙ্গে জড়িত চিকিৎসক, পুলিশ আইনের ধারা পরিবর্তন করার পেছনে আসামিপক্ষের কালোটাকার প্রভাব থাকতে পারে। মা হিসেবে আমি পুলিশ, সিআইডি কার কাছে যাব? তাই আদালতের ওপর ভরসা রেখে আমরা খুলনাবাসী সবাই এক হয়ে আমার তন্বী হত্যার বিচার চাই।’
খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ তন্বী হত্যা মামলার বাদী তন্বীর মা সামিয়া আক্তার এক বক্তৃতায় এসব কথা বলেন।
তন্বীর মা বলেন, যে ঘরে ঘটনা ঘটেছিল, সেই ঘরটি আজ পর্যন্ত সিলগালা করা হয়নি। মামলার আলামত হিসেবে যে ওড়নাটা ছিল, সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে।
গতকাল মঙ্গলবার তন্বীর জন্মদিনে খুলনা প্রেসক্লাবে তন্বী স্মৃতি সংরক্ষণ কমিটি ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ: তন্বী হত্যা এবং বাস্তবতা’ শীর্ষক এক স্মারক বক্তৃতার আয়োজন করে। বক্তৃতা উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম।
তন্বী স্মৃতি সংরক্ষণ কমিটির উপদেষ্টা শামীমা সুলতানার সভাপতিত্বে ও জন-উদ্যোগের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, নাগরিক জোট খুলনার আহ্বায়ক আ ফ ম মহসীন, সেফ-এর সমন্বয়কারী আসাদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলার সভাপতি বি এম জাফর, সুজন খুলনা মহানগর কমিটির সভাপতি মো. লোকমান হাকিম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি খুলনার বিভাগীয় প্রধান হামিদা লায়লা খান, বাংলাদেশ মহিলা পরিষদ, খুলনার সাধারণ সম্পাদক রসু আকতার প্রমুখ।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ২০১৫ সালের ৭ এপ্রিল খুলনা নগরের নূর নগর এলাকার শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ তন্বীর লাশ উদ্ধার করে পুলিশ। তন্বী ছিলেন মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। এ ঘটনায় ১২ এপ্রিল তন্বীর মা সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা রুজু হওয়ার ২২ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। বাদী অভিযোগপত্রে নারাজি দিলে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে যায়। সিআইডি মামলার তদন্ত শেষ করে গত ২৫ জুলাই ননদ ইতি বিশ্বাসের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেন। ২৭ অক্টোবর এই অভিযোগপত্রেও বাদী নারাজি দেন। গত ৩০ অক্টোবর নারাজি গ্রহণ করে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত ১৪ নভেম্বর আদালত ইতি বিশ্বাসের নাম আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোহেল বিশ্বাস বর্তমানে জামিনে আছেন।