খুলনার নদীগুলো দখলমুক্ত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলার মধ্যে থাকা ৫২টি মৃতপ্রায় নদী পুনরুদ্ধার ও পুনর্জীবিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। গতকাল রোববার বিকেলে খুলনা সার্কিট হাউসে জেলা নদী রক্ষা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।
আতাহারুল ইসলাম নদীগুলোর সীমানা চিহ্নিত করে সিএস বা আরএস ম্যাপ সংরক্ষণ করতে জেলা প্রশাসককে অনুরোধ করেন। তিনি নদীর পরিধি বৃদ্ধি করতে এবং নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অনুরোধ করেন। নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পাউবোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন। তিনি স্থানীয় সরকার বিভাগকে নদীর মধ্যে সেতু ও ক্রসবাঁধ ভাঙতে এবং নদীর পাশে ওয়াকওয়ে নির্মাণ করার সুপারিশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।