খুলনার নিখোঁজ শিশু ফরিদপুরে উদ্ধার
খুলনা থেকে নিখোঁজ নয় বছরের শিশু আসিফ মণ্ডলকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। আজ বৃহস্পতিবার সকালে শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়।
শিশু আসিফ খুলনা মহানগরের মীরেরডাঙ্গায় অ্যাজেক্স জুট মিল এলাকা থেকে গতকাল বুধবার নিখোঁজ হয়।
র্যাব সূত্র জানায়, গতকাল বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামটে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল আসিফ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে র্যাবের একটি দল সন্ধ্যায় তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আসিফ র্যাবকে জানায়, সে খুলনার মীরেরডাঙ্গায় অ্যাজেক্স জুট মিল এলাকা থেকে বিভিন্ন যানে চড়ে ফরিদপুর এসেছে। তবে তাকে কেউ কৌশলে অপহরণ করেছিল কি না, তা সে বলতে পারেনি।
ফরিদপুরে র্যাব-৮-এর অধিনায়ক মেজর আবদুল্লাহ আল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসিফের বাবা আবদুর রাজ্জাক মণ্ডল অ্যাজেক্স জুট মিলে চাকরি করেন। গতকাল রাতেই তাঁকে খবর দেওয়া হয়। আজ সকালে আসিফকে তার বাবা আবদুর রাজ্জাক মণ্ডল ও মা আঞ্জুমান আরা বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়।