খুলনার নির্বাচনে টাকার খেলা বেড়েছে: বদিউল আলম
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় হলেও এ বছর তা দলীয়ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। তা ছাড়া এবার নির্বাচনে টাকার খেলা বেড়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুজনের উদ্যোগে আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়র পদপ্রার্থীসহ মোট ১৮৫ জন প্রার্থীর বিভিন্ন তথ্য প্রকাশ করে বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার প্রার্থীদের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ৩১টি ওয়ার্ডে চার লাখ ৪০ হাজার ৬৪৭ জন ভোটারের মধ্যে মেয়র পদে তিন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ ও সংরক্ষিত আসনে ৪৫ জন নারী প্রার্থী আছেন। তাঁদের মধ্যে মেয়র পদে তিনজন প্রার্থীসহ ৬৫ শতাংশ প্রার্থীই ব্যবসায়ী। তিনি আরও বলেন, মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক বিএ, মো. মনিরুজ্জামান উচ্চমাধ্যমিক ও শফিকুল ইসলাম মাধ্যমিক পাস করেছেন। প্রার্থীদের কয়েকজনের নামে মামলাও আছে। মেয়র পদপ্রার্থী খালেকের গত বছরের তুলনায় এ বছর অনেক সম্পদ বৃদ্ধির সঙ্গে অন্য দুজনের দেওয়া সম্পদের হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে ধরেন তিনি। তা ছাড়া ২০০৮ সালের নির্বাচনের তুলনায় এ বছর প্রার্থীর সংখ্যা ৭৪ জন কমে গেছে বলেও জানান তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, এ নির্বাচনে সত্ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে এসব তথ্য-উপাত্ত ভোটারদের সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি লিয়াকত আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, সুজনের খুলনা জেলা সভাপতি জাফর ইমাম, জেলা সম্পাদক কুদরত-ই-খুদা ও নগর সম্পাদক লোকমান হাকিম।