খুলনার পাঁচ উপজেলায় হরতাল চলছে
খুলনার পাঁচ উপজেলায় জেলা বিএনপিসহ ১৯ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। গতকাল রোববার উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোটের দাবিতে রূপসা, দাকোপ, বটিয়াঘাটা, তেরখাদা ও ফুলতলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।
দুপুর ১২টা পর্যন্ত উপজেলাগুলোতে সড়ক অবরোধ, নাশকতা, হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। হরতালে অল্পসংখ্যক রিকশা, নছিমন, করিমন, মাহেন্দ্র ও ভ্যান চলতে দেখা গেছে। দূরপাল্লার কোনো পরিবহন ছাড়েনি।
১৯ দলের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, ‘জেলার পাঁচ উপজেলা নির্বাচনে ভোটের নামে প্রহসন, প্রকাশ্যে জাল ভোট প্রদান, ব্যালট ছিনতাই, প্রশাসনের নির্লিপ্ততা এবং ১৯-দলীয় জোট সমর্থিত প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর পুলিশ ও শাসক দলের ক্যাডারদের হামলা-মারপিটের প্রতিবাদে আমরা পুনরায় ভোটের দাবিতে হরতাল পালন করছি।’