খুলনার পাঁচ পথে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াতকারী পাঁচটি পথে আজ সোমবার সকাল ১০টায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছে এসব পথে চলাচলকারী যাত্রীরা। 

মহাসড়কে নছিমন, করিমন, মহেন্দ্র, ভটভটিসহ শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধের দাবিতে রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকেরা এ ধর্মঘট করছেন।

রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক প্রথম আলো ডটকমকে জানান, রূপসা ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল জেলায় চলাচলকারী পাঁচটি পথে বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, মহাসড়কে নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটিসহ শ্যালো ইঞ্জিনচালিত পরিবহন চলাচলের কারণে বাসের যাত্রী পাওয়া যায় না। ফলে বাস-মিনিবাসের মালিকেরা শ্রমিকদের ঠিকমতো বেতন ও মজুরি দিতে পারছেন না। তাই অবৈধভাবে চলাচলকারী এ ধরনের সব পরিবহন বন্ধের দাবিতে যৌথভাবে ধর্মঘট করছেন বাসমালিক ও শ্রমিকেরা।

নুরুল হক আরও বলেন, ‘যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তারা এখন রাস্তায় ছেয়ে গেছে। অন্যদিকে আমরা যারা কোটি কোটি টাকা সরকারকে ট্যাক্স দিই, তারা ব্যবসা করতে পারছি না। যত দিন পর্যন্ত এই অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হবে, তত দিন ধর্মঘট চলবে।’

রূপসা বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী মহিম শেখ বলেন, ‘বরিশাল যাব, কিন্তু এসে দেখি বাস বন্ধ। এখন মহেন্দ্রতে করে যাওয়ার চেষ্টা করছি। মহেন্দ্রর ভাড়া ২০০ টাকা। এটি আমার জন্য খুবই ব্যয়সাপেক্ষ।’

সোনাডাঙ্গা এলাকার যাত্রী রহিমা আক্তার বলেন, ‘তিনটি সন্তান নিয়ে বিপদে পড়েছি। পিরোজপুর যাব অসুস্থ মাকে দেখতে। বাস বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে যেতে হচ্ছে।’