খুলনার পাঁচটি সড়কপথে বাস ধর্মঘট শুরু
মহাসড়কে নছিমন, করিমন, মহেন্দ্র, ভটভটিসহ শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনার পাঁচটি সড়কপথে অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের ডাকা এ ধর্মঘট গতকাল সকাল ১০টা থেকে শুরু হলে বিপাকে পড়ে ওই পথে চলাচলকারী যাত্রীরা।
রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক বলেন, রূপসা ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল অঞ্চলগামী পাঁচটি সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে। শ্যালো ইঞ্জিনচালিত যান চলাচলের কারণে মহাসড়কে বাসে যাত্রী উঠছে না। এ কারণে বাসমালিকেরা শ্রমিকদের মজুরি ঠিকমতো দিতে পারছেন না। তাই এসব যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট শুরু করেছেন।
সরেজমিন সোনাডাঙ্গা ও রূপসা বাসস্ট্যান্ডে দেখা গেছে, বাস না পেয়ে অনেক যাত্রী ইজিবাইক ও মহেন্দ্রতে চড়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।