
খুলনার শিল্পাঞ্চল খালিশপুর এখন কর্মচঞ্চল। যেন প্রাণ ফিরে পাচ্ছে খালিশপুর ও দৌলতপুরের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। উৎসবমুখর পরিবেশে কাজ করছেন শ্রমিকেরা। বাড়ছে উৎপাদন। তবে কাঁচা পাটের সংকট উৎপাদনের রাশ টেনে ধরছে। যদিও সংকট কাটাতে সরকার কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দিয়েছে।
গতকাল রোববার খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম ও খালিশপুর জুট মিলে গিয়ে দেখা যায়, মিলগুলোতে কিছুদূর পরপর টানানো হয়েছে ব্যানার। ব্যানারগুলোতে লেখা আছে ‘ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট ২০১০ সফল হোক’। উৎসাহ নিয়ে প্রতিদিনের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছেন শ্রমিকেরা। স্তূপ করা পাটের বস্তার গায়ে লেখা এমপিএ (ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট) পণ্য।
২০১০ সালে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’ পাস হয়। এত দিন তা কার্যকর ছিল না। আজ সোমবার থেকে এ আইন কার্যকর হচ্ছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) চাহিদা মেটাতে শুধু খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত আটটি পাটকল থেকে প্রতিদিন ২ লাখ ৬৩ হাজার বস্তা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই লক্ষ্যমাত্রা সক্ষমতা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ফলে বন্ধ হওয়ার ভয়ের পরিবর্তে শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
বিজেএমসির খুলনা অঞ্চলের সমন্বয়ক মহব্বত হোসেন বলেন, ‘বিজেএমসি সারা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল থেকে প্রতিদিন সাত লাখ পিস বস্তা নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর মধ্যে খুলনা অঞ্চলের আটটি পাটকলকে দেওয়া হয়েছে ২ লাখ ৬৩ হাজার পিস উৎপাদনের লক্ষ্যমাত্রা। আমরা তা অনায়াসেই তৈরি করছি। কাঁচা পাটের সংকট না থাকলে আরও বেশি উৎপাদন সম্ভব।’
ক্রিসেন্ট জুট মিলে শ্রমিক ফিরোজা খাতুন বলেন, ‘আগে আমাদের উৎপাদিত বস্তা রপ্তানির ওপর নির্ভর করতে হতো। অনেক সময় রপ্তানি না হলে মাল পড়ে থাকত। তখন ভয়ে থাকতাম, কখন-না মিল বন্ধ হয়ে যায়! এখন আর ভয় নেই।’ তিনি বলেন, ‘চার সপ্তাহ বিল আটকে আছে। কিন্তু আশা করি, এভাবে চলতে থাকলে আমরা খুব শিগগিরই বিল পেয়ে যাব।’
খালিশপুর জুট মিলের শ্রমিক সোহরাব হোসেন বললেন, এ মিলে দিন হিসেবে শ্রমিকদের টাকা দেওয়া হয়। অন্য শ্রমিকদের তুলনায় সেটা অনেক কম। কিন্তু তারপরও মিলের উৎপাদন অনেক ভালো হচ্ছে। শ্রমিকেরা প্রতিদিন উৎসাহ নিয়ে কাজ করছেন। অন্তত এই মুহূর্তে মিল বন্ধ হওয়ার আশঙ্কা নেই।
খালিশপুর জুট মিলের এক নম্বর ইউনিটের উপ-মহাব্যবস্থাপক ত্রিদীপ কুন্ডু বলেন, ‘এ মিল থেকে প্রতিদিনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৫৭৫টি বস্তা। শ্রমিকদের উৎসাহ-উদ্দীপনার কারণে প্রতিদিনই আমরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছি।’ যদি মোড়কীকরণ নীতিটি বাস্তবায়ন করা যায়, তাহলে কলগুলোর লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
ওই পাটকলের প্রকল্প প্রধান লিয়াকত হোসেন বলেন, পাটকলগুলোর লোকসান কাটিয়ে উঠতে মোড়কীকরণ নীতির সফল বাস্তবায়নের কোনো বিকল্প নেই। প্রচুর পাটের ব্যাগ জমা আছে। বিজেএমসি এখনো নেওয়া শুরু করেনি। মোড়কজাতকরণ নীতি কার্যকর হলে মিলগুলো অন্তত বন্ধ হবে না।
ক্রিসেন্ট জুট মিল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বিজেএমসি প্রতিদিন মিলটি থেকে ৮০ হাজার পিস ব্যাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। শুরুতে ওই পরিমাণ উৎপাদন করা গেলেও এখন কাঁচা পাটসংকটে উৎপাদন ৬০ হাজার পিসে নামিয়ে আনা হয়েছে। ১৫ নভেম্বর থেকে বিজেএমসিকে বস্তা সরবরাহ শুরু করা হয়েছে। এ পর্যন্ত তিন লাখ পিস সরবরাহ করা হয়েছে।
প্রাথমিকভাবে ৫০ কেজির বস্তার চাহিদা এসেছে। হেসিয়ান বস্তা (৩৫০ গ্রাম ওজন) পাটকল থেকে ডিলারেরা ৪৫ টাকায় কিনে চালকল মালিকদের কাছে ৫০ টাকায় বিক্রি করবে। স্যাকিং বস্তা (৭০০ গ্রাম ওজন) ৬৭ টাকায় কিনে ৭২ টাকায় বিক্রি করবে ডিলার। স্যাকিং চারটি ও হেসিয়ান একটি এই অনুপাতে বস্তা কিনলে ১০ শতাংশ কমিশন দেওয়া হবে।