খুলনার পিপলস ও সিরাজগঞ্জের কওমী জুট মিল চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পিপলস জুট মিল ও সিরাজগঞ্জের কওমী জুট মিল শিগগিরই চালু করা হবে। এ জন্য সরকারের সার্বক্ষণিক তদারকিতে পাটকল দুটিতে প্রস্তুতিমূলক কাজ চলছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ ছাড়া বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে ট্রেড কাউন্সিলর হিসেবে পাট বিশেষজ্ঞদের নিয়োগের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বেগম নূর-ই হাসনা লিলি চৌধুরী, শহীদ উদ্দীন চৌধুরী, শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, গতকালের সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আবার চালু করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম দফায় খুলনা ও সিরাজগঞ্জের উল্লিখিত দুটি পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় দেশের বস্ত্র ও পাটকলগুলোকে নিজস্ব শক্তিতে দাঁড় করাতে যুতসই পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করা হয়।