খুলনার প্রথম কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করবেন। এ কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ব্যবহার করে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকায় ১১ একর জমির ওপর এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। গত বছরের জুনে প্রথম সেখানে ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হয়। এরপর ওই কেন্দ্রকে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে রূপান্তরিত করা হয়। আগে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল ১৫০ মেগাওয়াট। কম্বাইন্ড সাইকেলে উন্নীতকরণের পর এখন ওই একই খরচে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
কোম্পানির প্রধান প্রকৌশলী জাহিদুর রশিদ বলেন, খুলনায় এটাই প্রথম কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। ২২৫ মেগাওয়াটে উন্নীতকরণের ফলে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এটি। বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণ পরিবেশবান্ধব।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানির ধরন হচ্ছে জ্বালানি থেকে নির্গত গ্যাস ব্যবহার করে পুনরায় বিদ্যুৎ উৎপাদন। কেন্দ্রটিতে ডিজেল ও গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের দুই ব্যবস্থাই রাখা হয়েছে।