খুলনার প্রাথমিক শিক্ষা উন্নয়নে ১৩ অন্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নাগরিক ফোরাম জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে খুলনার প্রাথমিক শিক্ষা-ব্যবস্থার উন্নয়নের পথে ১৩টি বাধা চিহ্নিত করেছে।খুলনা নগরের ছোট বয়রায় প্রাথমিক শিক্ষা ভবনে গত ৩১ মে নাগরিক ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এসব অন্তরায় তুলে ধরে তা দূর করার সুপারিশ করা হয়। বাধাগুলো হলো: ঝুঁকিপূর্ণ স্কুল ভবন; শিক্ষক-কর্মচারী সংকট; শিক্ষকদের প্রশাসনিক ও শিক্ষাবহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ; নিয়মিত পাঠ পরিকল্পনা ও সহায়ক উপকরণ ব্যবহারে অনীহা; শিক্ষকদের প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ও প্রাপ্য ছুটি; শ্রেণীকক্ষের স্বল্পতা; আসবাবের অভাব; শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব; বিশুদ্ধ পানীয়জলের অভাব; খেলার মাঠ ও সরঞ্জামের স্বল্পতা; টয়লেটের ব্যবস্থা না থাকা; স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষা কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শনে অনীহা এবং অভিভাবক-শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয়ের অভাব। গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোতে লেখাপড়া চালিয়ে নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষকের সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খুলনা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপার মো. মোসলেম উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবার আগে দরকার শিক্ষকদের আন্তরিকতা ও নৈতিকতা। থানা শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের ক্লাস নেওয়া পর্যবেক্ষণ ও তাঁদের পরামর্শ দেওয়া। এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তাদের অবশ্যই জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে। পিটিআইতে এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর শিক্ষকেরা বিদ্যালয়ে তার প্রয়োগ ঘটাচ্ছেন কি না, তা পর্যবেক্ষণ করা সহকারী থানা শিক্ষা কর্মকর্তা বা স্কুল ম্যানেজিং কমিটির ওপর নির্ভর করে। অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, শিক্ষা কর্মকর্তাদের দুর্নীতির কারণে এই খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। স্কুলের উন্নয়নে জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে জড়িত না করায় উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। নাগরিক ফোরাম, খুলনার কো-চেয়ারপারসন মুহম্মদ বদিয়ার রহমান বলেন, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করা হয়েছে।