খুলনার ফরটিস এসকর্টস হাসপাতালে আগুন
খুলনায় ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট নামের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার মজিদ সরণি এলাকার ওই হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একসঙ্গে কাজ করে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছয়তলা হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অবস্থিত অপারেশন থিয়েটারের আইপিএসের তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
হাসপাতালের সুপার শাহরিয়ার ফারুক বলেন, হাসপাতালে মোট ১৪ জন রোগী ছিলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ভর্তি হওয়া রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বদরুল আলম বলেন, হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর শুনেই নগরের বয়রা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, হাসপাতালে আগুন নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে। ফায়ার সার্ভিস, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত কাজ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।