খুলনার ফল রাসায়নিক পদার্থমুক্ত!

খুলনার বিভিন্ন বাজারে বিক্রি হওয়া ফল ও সবজিতে ফরমালিন ও কার্বাইডের উপস্থিতি পাওয়া যাচ্ছে না বলে দাবি করছে বিএসটিআই ও কেসিসি। এক মাস আগে থেকে আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত কোনো ফল বা সবজিতে মানবদেহের জন্য ক্ষতিকর এই রাসায়নিক পদার্থের উপস্থিতি পায়নি তারা।
গত মে মাসে খুলনা বিএসটিআই ৮টি অভিযানের মাধ্যমে নগরের ৩৬টি দোকানের ৪২টি নমুনাপণ্যে ফরমালিন পরীক্ষা করে। বিএসটিআইয়ের পরীক্ষা করা ফলের মধ্যে ছিল আম, আপেল, লিচু, আঙুর ও মাল্টা। কিন্তু তাদের সব পরীক্ষাতেই এসব ফলে ফরমালিনের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।
একইভাবে ওই মাসে আলাদাভাবে কেসিসি থেকে নগরের ছোট-বড় সব বাজারে ১৩৮টি দোকানে অভিযান চালানো হয়। সেসব অভিযানে আম, লিচু, খেজুর, আপেল, আঙুর, মাছ, মাংসসহ বিভিন্ন সবজি পরীক্ষা করা হয়। কিন্তু কোনো ফল বা সবজিতে ফরমালিন ও কার্বাইডের উপস্থিতি পাওয়া যায়নি।
এ ছাড়া রমজানের প্রথম দিনে নগরের বড় বাজার এলাকার সব ফলের আড়তে এবং দ্বিতীয় দিনে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে কোনো ফলে ফরমালিন ও কার্বাইডের উপস্থিতি পায়নি কেসিসি।
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ইউনিটের প্রধান মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, পবিত্র রমজানের এক মাস আগ থেকেই কেসিসি বিভিন্ন ছোট-বড় বাজারে অভিযান পরিচালনা করছে। এসব পরীক্ষায় সাধারণত ফরমালিন ও কার্বাইডের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করা হয়। কিন্তু এখন পর্যন্ত ফলসহ কোনো পণ্যে এসব রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি।
রেজাউল করিম বলেন, এপ্রিল মাসের শেষের দিকের অভিযানে ভারত থেকে আসা আমে ফরমালিন পাওয়া যায়। তখন ওই আমগুলো বাজার থেকে তুলে নিয়ে ব্যবসায়ীদের আর এ ধরনের ফল বিক্রি না করতে সতর্ক করা হয়।
খাদ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই খুলনার পরিচালক মো. আবদুল মান্নান বলেন, হাইকোর্ট থেকে মৌসুমি ফলসহ বিভিন্ন ফলে ফরমালিন পরীক্ষার নির্দেশ দেওয়া ছিল। তা ছাড়া কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ-সংক্রান্ত একটি নির্দেশনা আসে। সে অনুযায়ী খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ফলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। কিন্তু কোনো ফলে ফরমালিন পাওয়া যায়নি|