খুলনার ফুলতলায় ব্যবসায়ী খুন
খুলনার ফুলতলা উপজেলায় গভীর রাতে ইকলাজ দপ্তরী (৪২) নামের এক ট্রাক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি দামোদর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিন ফুলতলা বাজার থেকে ইকলাজ দপ্তরী জহির নামের এক চায়ের দোকানদারের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরেন। গতকাল রাত সাড়ে ১২টায় জহিরের সঙ্গে বাড়ির উদ্দেশে বের হন তিনি। রাত দুইটার দিকে জহির তাঁকে বাড়ির সামনে নামিয়ে চলে যান। এ সময় তিন-চারজন দুর্বৃত্ত ইকলাজকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে। ইকলাজের পিঠে গুলি বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাঁর ঘাড়ের নিচে কুপিয়ে জখম করে। গুলির শব্দে আশপাশের লোকজন বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জহির জানান, গুলির শব্দ পেয়ে তিনি ফিরে আসেন। এসে দেখেন, আশপাশের কয়েকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছে। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
ইকলাজের ছেলে ফিরোজ দপ্তরীর তথ্যমতে, ফুলতলায় যৌনপল্লির দখল নিয়ে স্থানীয় আলাউদ্দিনের সঙ্গে তাঁর বাবার বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, আলাউদ্দিন তিন দিন আগে ভারতে গেছেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকির জানান, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।