খুলনার ফুলতলায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে মো. জিন্নাহ ভূঁইয়া (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাতে ফুলতলা বাজারের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। এ সময় তাঁর এক ছেলে ও দুজন কর্মচারী তাঁর সঙ্গে ছিলেন।এলাকাবাসী জানান, দামোদর গ্রামের জিন্নাহ ভূঁইয়ার ফুলতলা বাজারে মৌমি সপিং সেন্টার নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি তিনি ঠিকাদারি করতেন।মো. আফজাল হোসেন (৪৫) নামের জিন্নাহর একজন কর্মচারী প্রথম আলোকে জানান, দোকান বন্ধ করে রাত পৌনে দশটার দিকে তাঁরা ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ভ্যানের সামনের দিকে জিন্নাহ ভূঁইয়া ও তিনি এবং পেছনে জিন্নাহর ছোট ছেলে রিফাত (১৭) ও দোকানের আরেকজন কর্মচারী বসা ছিলেন। ভ্যানটি দামোদর গ্রামের তাহের সরদারের বাড়ির সামনে এলে সন্ত্রাসীরা খুব কাছে থেকে জিন্নাহকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তাঁর কোমরে বিদ্ধ হয়। তিনি ভ্যানের ওপর লুটিয়ে পড়েন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিন্নাহ ভূঁইয়ার মৃত্যু হয়।আফজাল হোসেন বলেন, ঘটনার আকস্মিকতায় ও চারপাশে অন্ধকার থাকায় তাঁরা হত্যাকারীদের চিনতে পারেননি।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ ফকির গতকাল বিকেলে জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।