খুলনার বহুতল ভবনগুলোতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের অধিকাংশ বহুতল ভবনে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। ফলে যেকোনো সময় আগুন লেগে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এসব ভবনের মালিকেরা নকশা অনুমোদন করাতে অগ্নিনির্বাপণব্যবস্থা রাখার ব্যাপারে অঙ্গীকার করলেও পরে তা করেননি। গত ২৫ মার্চ নগরের শিববাড়ী মোড়ে আটতলাবিশিষ্ট আকুঞ্জি টাওয়ারে আগুন লেগে তা ভয়াবহ আকার ধারণ করে। ওই ঘটনায় কারও জীবনহানি না হলেও ব্যাপক ক্ষতি হয়।খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ছয়তলার বেশি উঁচু ভবন তৈরি করতে চাইলে ভবনের নকশায় স্থায়ী অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকতে হবে। আর এ ব্যাপারে ফায়ার সার্ভিসের অনুমোদন নেওয়ার পরই উন্নয়ন কর্তৃপক্ষ নকশার অনুমোদন দেয়। আর ভবন তৈরি হওয়ার পর অগ্নিনির্বাপণব্যবস্থার তদারক করার দায়িত্ব ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিস বলছে, এ ব্যাপারে তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা নেই। তাই তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না।সরেজমিনে কেডিএ এভিনিউ, ডাকবাংলা, কালীবাড়ী এলাকায় অবস্থিত বহুতল ভবনগুলোতে গিয়ে দেখা গেছে, অধিকাংশ ভবনেই অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। অগ্নিনির্বাপণের ব্যবস্থা না রাখার কারণ জানতে চাইলে কেডিএ এপ্রোস সড়কে অবস্থিত সাততলাবিশিষ্ট খান টাওয়ারের তত্ত্বাবধায়ক মো. রানা বলেন, মালিক বিদেশে থাকলেও সম্প্রতি তিনি আগুন নেভানোর সরঞ্জাম কেনার জন্য অর্ডার দিয়েছেন।কেডিএ এভিনিউতে নয়তলাবিশিষ্ট ট্রিবিউন টাওয়ারে একটি মাত্র অপ্রশস্ত সিঁড়ি ও লিফট রয়েছে। তবে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা দেখা যায়নি। একটু দূরে সাততলাবিশিষ্ট ইউনাইটেড টাওয়ারের তত্ত্বাবধায়ক মো. পাপ্পু বলেন, ‘আমাদের ভবনে ওসব কিছু নেই।’ নিউমার্কেটের পাশে ওয়েস্টার্ন প্লাজার নিরাপত্তাকর্মী শাহ জালাল বলেন, এই ভবনে আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা নেই। নগরের ২০টিরও বেশি বহুতল ভবনে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই উল্লেখ করে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘ছয়তলা বা ৬০ ফুটের বেশি উঁচু ভবনের নকশা অনুমোদনের আগে মালিকেরা অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা রাখার অঙ্গীকার করে আমাদের কাছ থেকে ছাড়পত্র নেন। কিন্তু পরে তাঁরা কথা রাখেননি। এ ব্যাপারে কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার আইনগত ক্ষমতা আমাদের নেই। তাই আমরা কোনো কার্যকর পদক্ষেপ দিতে পারছি না।’