খুলনার বাইরে কেডিএর জমি কেনার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ৪০ কোটি টাকা দিয়ে ঢাকা, কক্সবাজার ও কুয়াকাটায় জমি কিনে পর্যটন প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে জনউদ্যোগের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, জেপি নেতা শরীফ শফিকুল হামিদ, আয়কর আইনজীবীর সমিতির সভাপতি এস এম শাহনেওয়াজ, বেলার খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ সাদী ভূইয়া, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্সি মাহাবুব আলম, পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মহানগরের সহসভাপতি জগন্নাথ দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, কেডিএ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অলাভজনক একটি সেবাদানকারী সংস্থা। এটিকে রক্ষা করতে হলে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। জনপ্রতিনিধি দ্বারা এ প্রতিষ্ঠানটি পরিচালিত করতে হবে। খুলনার উন্নয়নের অর্থ খুলনার জন্য ব্যয় করতে হবে। ব্যাংকের গচ্ছিত ৪০ কোটি টাকা দিয়ে ঢাকা, কক্সবাজার ও কুয়াকাটায় জমি কেনার জন্য কেডিএর যে সিদ্ধান্ত, তা বাতিল করতে হবে। তা না হলে খুলনাবাসী ফুঁসে উঠলে তার দায় কেডিএকে বহন করতে হবে। দীর্ঘদিন ধরে কেডিএ স্থবির অবস্থায় কচ্ছপগতিতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের হাতে খুলনার তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
বক্তারা আরও বলেন, কিছু প্রকল্প বর্তমান সরকার অনুমোদন ও অর্থ বরাদ্দ করলেও সেগুলো বাস্তবায়নেও তেমন কোনো অগ্রগতি নেই। ইতিমধ্যে খানজাহান আলী (রূপসা সেতু) থেকে রূপসা ফেরিঘাট মোড় পর্যন্ত চার লেনবিশিষ্ট একটি সড়কের অনুমোদন ও প্রায় ১০০ কোটি টাকা সরকার বরাদ্দ করলেও গত এক বছরেও কোনো টাকা ব্যবহার করা হয়নি। প্রকল্প অনুমোদন এবং অর্থ বরাদ্দের পর প্রায় দুই বছর অতিবাহিত হলেও আহসানাবাদ আবাসিক এলাকার ভূমি অধিগ্রহণ আজও শুরু হয়নি। সম্প্রতি পত্রিকায় দেখা যায়, কেডিএ কক্সবাজারের কুয়াকাটা এবং ঢাকার পর্যটনশিল্পের উন্নয়ন এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার যুক্তি দেখিয়ে ওই সব এলাকায় জমি কিনে প্রতিষ্ঠান গড়তে দরপত্র আহ্বান করেছে। কেডিএর কাছে আমাদের প্রশ্ন, খুলনার টাকা কেন খুলনাকে বাদ দিয়ে অন্য জায়গায় লগ্নি করা হবে? যদি পর্যটনশিল্পের বিকাশের জন্য লগ্নি করতে হয়, তাহলে অবশ্যই খুলনায় করতে হবে। পর্যটনশিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য খুলনার নরিয়ানে সুন্দরবন ফরেস্ট অফিসের পাশে মনোরম পর্যটনশিল্প গড়ে তোলা সম্ভব।