খুলনা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে (ট্রাইব্যুনাল) প্রায় তিন মাস ধরে বিচারক নেই। এ অবস্থায় মামলাজট সৃষ্টি হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। একই কারণে নতুন করে নেওয়া মামলার বিচার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, এই ট্রাইব্যুনালের বিচারক শামসুল আরেফিন ২ জুলাই অন্যত্র বদলি হয়ে যান। এরপর এখানে নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। খুলনা জেলা ও দায়রা জজ জি এম সালাউদ্দিন অতিরিক্ত হিসেবে বিশেষ এই আদালতের বিচারকের দায়িত্ব পালন করছেন।কিন্তু তিনি সব মামলার বিচার কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। অথচ এই আদালতে আগে থেকেই প্রায় চার হাজার মামলা ঝুলে আছে। বিচারপ্রার্থী ও আইনজীবীরা জানান, মূল বিচারক না থাকায় অনেক সময় মামলা নিলেও বিচারকাজ শুরু হচ্ছে না। এতে তদন্তে যেতে পারছে না পুলিশ। এ কারণে ভোগান্তির শিকার হচ্ছেন খুলনা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিচারপ্রার্থীরা।দাকোপ উপজেলার বাজুয়া এলাকার রনজিতা মণ্ডল বলেন, ‘দুই মাস আগে আমি একখান কেচ করিলাম। কিন্তু আজ পর্যন্ত তা নিয়ে কোনো কিছু হইল না। কোর্টে আসলি উকিলি কয়, পরে আইসো কোটে স্যার নেই। প্রাই (প্রায়) আসি আর ফিরে যাই।’বিশেষ ওই আদালতের জ্যেষ্ঠ আইনজীবী শেখ আবদুর রাজ্জাক জানান, মূল বিচারক না থাকায় এই আদালতে সাক্ষ্য দেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বর্তমানে যিনি এই আদালতের দায়িত্বে আছেন, তিনি জেলা জজ। তাঁর পক্ষে সব মামলার শুনানি পরিচালনা করা অসম্ভব।আইনজীবী আবদুর রাজ্জাক আরও জানান, বিচারক-সংকটের কারণে ১৯৯৯ সালের মামলা এখনো বিচারাধীন। নতুন মামলা করা হলেও বিচারকাজ করা হচ্ছে না। সে মামলার তদন্তও হচ্ছে না। বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অলোকানন্দ দাস বলেন, ‘প্রতিদিন এখানে ১০০ মামলা হয়। এ ছাড়া চার হাজারের বেশি মামলা বিচারাধীন। এখানে এখন যেসব নালিশি মামলা হচ্ছে, বিচারকের অভাবে সেগুলোর তদন্ত হচ্ছে না। বিষয়টি আমরা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি। এখনো কোনো উত্তর পাইনি।’খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সরদার আনিছুর রহমান বলেন, ‘আমি দ্রুত বিচারক নিয়োগ দেওয়ার জন্য নিয়মিত দাবি জানিয়ে আসছি। বিচারক না থাকায় বিচার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।’