খুলনার ব্যবসায়ীকে শেকলে বাঁধা অবস্থায় ঢাকায় উদ্ধার
খুলনা থেকে ঢাকা আসার পথে অপহূত ব্যবসায়ী আকবর হোসেনকে (৪৫) গতকাল মঙ্গলবার রাজধানীর রামপুরার একটি বাসা থেকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে র্যাব। র্যাব-৩ জানায়, আকবরকে অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে ওই বাসা থেকে মোমিনুল ইসলাম (২৬), আনোয়ার হোসেন (৩২) ও মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকবর হোসেন খুলনা সদরের সামসুন্নাহার রোড এলাকার বাসিন্দা। গত ২৯ জুলাই ব্যবসায়িক কাজে তিনি খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তিনি পরদিন সকাল সাতটার দিকে ভগ্নিপতিকে মুঠোফোনে জানান, তিনি সমস্যায় আছেন, তাঁর ১০ লাখ টাকা প্রয়োজন। তখন আকবরের মুঠোফোন নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি কথা বলেন। ওই ব্যক্তি এমডি আনোয়ার হোসেন নামের একজনের ব্যাংক হিসাব নম্বরে ১০ লাখ টাকা পাঠাতে বলেন। আকবরের ভগ্নিপতি ওই হিসাব নম্বরে চার লাখ ৯৮ হাজার টাকা পাঠান। পরে র্যাব-৩-এর কাছে এ বিষয়ে অভিযোগ এলে মাঠপর্যায়ে তদন্ত শুরু হয়। আকবরের অবস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল দুপুরে পূর্ব রামপুরার একটি বাসা থেকে তাঁকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তিনজনের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, একটি ল্যাপটপ, ৯৭টি ইয়াবা বড়ি, একটি ডেবিট কার্ড, একটি ক্যামেরা, ১০টি মুঠোফোন সেট, ১০টি লোহার শেকল ও মুক্তিপণ হিসেবে দেওয়া চার লাখ চার হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-৩-এর অপারেশন অফিসার আনিসুর রহমান বলেন, গ্রেপ্তার করা তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।