খুলনার মহেশ্বরপাশায় তিনটি পাটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের মহেশ্বেরপাশা কালীবাড়ি এলাকায় গতকাল সোমবার দুপুরে মোল্লা জুট ও জিয়া জুট ট্রেডিংয়ের তিনটি পাটের গুদাম আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের ১২টি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুর পৌনে দুইটায় মোল্লা জুট ট্রেডিংয়ের এক নম্বর গুদামে প্রথমে আগুন লাগে। স্থানীয় ব্যক্তিরা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তা দ্রুত পাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এলাকাবাসী জানান, দুর্ঘটনার সময় মহেশ্বরপাশা আবাসিক এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সেলিম জানান, আগুন লাগার কারণ এখনো উদ্ঘাটন হয়নি। পাটগুদামের অন্যতম মালিক সিরাজুল ইসলাম দাবি করেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনটি গুদামে প্রায় ১৪ কোটি টাকার পাট ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।