খুলনার মেয়র মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত

এবার খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২ অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আইন অনুযায়ী প্যানেল মেয়রদের মধ্য থেকে কাউকে এখন খুলনার মেয়রের দায়িত্ব দেওয়া হবে। ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে পরাজিত করে মেয়র হন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।
খুলনায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলায় গত ১১ জুন মনিরুজ্জামানসহ মোট ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এর আগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও গাজীপুরের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া সিটি মেয়ররা প্রত্যেকে বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে কথা বলে জানা গেছে, অবরোধ-হরতালে গাড়ি পোড়ানোর মামলা দিয়ে নির্বাচিত মেয়রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ সূত্র বলছে, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুটি মামলা হওয়ার পর থেকে তিনি ঢাকায় থাকতেন। ২০১৩ সালের জুনে রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল এবং পরের মাসে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হয়। পাঁচটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।