খুলনার মেয়র মনির সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত থাকল
খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনির সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্ট মেয়র মনিরুজ্জামান মনির সাময়িক বরখাস্তের আদেশে স্থগিতাদেশ দিয়েছিলেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ তা খারিজ করে দেন।
মনির আইনজীবীরা বলেছেন, ফলে হাইকোর্টের আদেশ বহাল রইল। এতে মেয়র হিসেবে মনির দায়িত্ব পালনে আইনগত বাধা থাকছে না।
আদালতে মনির পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, নিতাই রায় চৌধুরী ও কায়সার কামাল। আইনজীবী সূত্রে জানা যায়, হরতালের সময় ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা একাধিক মামলায় মনিকে আসামি করা হয়। এর মধ্যে দুই মামলায় ২০১৫ সালে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ২ নভেম্বর মনিকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ জুন হাইকোর্টে রিট আবেদন করেন মনি। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিতের পাশাপাশি রুল দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত ১০ আগস্ট লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতির আদালত হয়ে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে গতকাল শুনানির জন্য আসে। আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত তা খারিজ করে দেন।