খুলনার মেয়রকে বরখাস্তের আদেশ ছয় মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। মনিরুজ্জামানের আইনজীবী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেছেন, এর ফলে মেয়র হিসেবে মনিরুজ্জামানের কাজ চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই।
একই সঙ্গে মনিরুজ্জামানের বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে সরকারকে রুল দিয়েছেন হাইকোর্ট।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ২০১৩ সালের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থন নিয়ে নির্বাচন করে মেয়র পদে জয়ী হন। অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ দুই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ধারা ১২ অনুযায়ী গত ২ নভেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমান করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে আছেন প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস। গত ১৮ এপ্রিল মনিরুজ্জামান মনি ওই দুই মামলায় জামিনে মুক্তি পান।
মনিরুজ্জামানের আইনজীবী নিতাই রায় চৌধুরী বলেন, ‘হাইকোর্টের এই আদেশেই মেয়র হিসেবে মনি পুনর্বহাল হয়েছেন। এখন মেয়রের দায়িত্ব নিতে তাঁর আর কোনো বাধা নেই। আদালতের রায়ের সার্টিফাইড কপি আমরা মন্ত্রণালয় ও কেসিসিতে পাঠাচ্ছি।’
তবে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ প্রথম আলোকে বলেন, আদালতের কোনো নির্দেশ এখনও তিনি হাতে পাননি। রায়ের পর মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাগুলো দেওয়া হয়েছিল। একই কারণে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়। আদালতের এই রায়ে আমরা খুশি।’ আদালতের রায়ে উচ্ছ্বসিত খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, বিপুল ভোটে নির্বাচিত মেয়রকে বরখাস্ত করে সরকার জনগণের রায়কে অপমান করেছিলেন। আদালত সেই রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মেয়রকে পুনর্বহাল করেছেন।