খুলনার মেয়রকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তি মেয়রের মুঠোফোনে এই হুমকি দেন। হুমকিদাতা বলেছেন, দুর্বৃত্তের গুলিতে নিহত ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার বিচার দাবিতে চলমান আন্দোলন বন্ধ না করলে ৩১ মার্চের মধ্যে মেয়রকে হত্যা করা হবে। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনীকে জানানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মেয়র তালুকদার আবদুল খালেক গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘হুমকিতে আমি ভীত নই। বরং বিথার হত্যার সঠিক বিচার ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন পুরোদমে চালিয়ে যাব। শত হুমকি এই আন্দোলন বন্ধ করাতে পারবে না।’যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ ইকবাল গত বছরের ১১ জুলাই দুর্বৃত্তদের গুলিতে নিজ বাড়ির কাছে খুন হন। এর পর থেকে সিটি মেয়রের নেতৃত্বে সব কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা এই হত্যায় জড়িতদের খুঁজে বের করে বিচার ও শাস্তির দাবিতে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।