খুলনার মেয়রের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক, নালা ও খোলা জায়গায় আবর্জনা ফেলে পরিবেশ দূষণ না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান।
গতকাল বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। পরে নগরের খালিশপুর নিউমার্কেট এলাকায়ও আরেকটি এসটিএস প্ল্যান্টের উদ্বোধন করা হয়। মনিরুজ্জামান বলেন, যেখানে-সেখানে ময়লা ফেললে পরিবেশ দূষণ হয়। এতে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ে এবং আমরা সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হই। এর থেকে পরিত্রাণ পেতে হলে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরের সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
আবর্জনা ব্যবস্থাপনা মানসম্পন্ন করার জন্য নগরে নতুন এসটিএস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন বাসা-বাড়ি ও বাজার থেকে ভ্যানে করে আবর্জনা এ স্টেশনে জড়ো করা হবে এবং সন্ধ্যায় সেখান থেকে সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। এ কাজে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান দুটিতে পৃথকভাবে সভাপতিত্ব করেন কেসিসির প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইউনুস আলী সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির খান, কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন প্রমুখ। আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এসটিএস দুটি নির্মাণ করা হয়েছে। এর আগে নগরের রেলস্টেশন এলাকায় একটি ও নিউজ প্রিন্ট মিল এলাকায় একটি এসটিএস উদ্বোধন করা হয়।