খুলনার রাস্তায় দ্বিতল বাস

খুলনা নগরের গণপরিবহন-সংকট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পাঁচটি দ্বিতল বাস নামানো হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এগুলোর যাত্রা শুরু হয়।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান ফিতা কেটে বিআরটিসির বাসের উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, কেএমপির উপকমিশনার (সদর) এস এম ফজলুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, শিল্প ও বণিক সমিতির পরিচালক মফিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে নামানো বাসগুলো রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়েল মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট, দৌলতপুর ও ফুলবাড়ী গেট হয়ে ফুলতলা পর্যন্ত চলাচল করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যানজট নিরসনে প্রথম পর্যায়ে নগরে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় গণপরিবহনের সংকট যাতে না হয়, সে জন্য বিআরটিসিকে চিঠি লেখা হয়। বিআরটিসির পক্ষ থেকে পাঁচটি দ্বিতল বাস দেওয়া হয়েছে। বাসগুলো ২০ থেকে ২৫ মিনিট পরপর নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে।
খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বলেন, বাসগুলোর যাত্রীর সংখ্যা সন্তোষজনক হলে অন্যান্য রুটে এই বাস চালুর চেষ্টা করা হবে। এ জন্য বিআরটিসি আরও পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।