খুলনার রেলস্টেশনে পৌঁছানোই দায়, টিকিটও অনিশ্চিত
খুলনা রেলস্টেশনের আধা কিলোমিটার আগে কাঁচামালের আড়ত, মালামাল নিয়ে আসা ট্রাক ও ঠেলাগাড়ির কারণে স্থানটিতে সারাক্ষণ যানজট লেগেই থাকে। এতে রেলযাত্রীরা সময়মতো স্টেশনে পৌঁছাতে পারছেন না। এদিকে খুলনা-ঢাকায় চলাচলকারী আন্তনগর চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি থেকে একটি এসি বগি তুলে নেওয়া হয়েছে। জানা গেছে, আন্তনগর চিত্রায় নয়টি ও সুন্দরবন এক্সপ্রেসে ১০টি বগি আছে। মেরামতের অজুহাত দেখিয়ে মাসখানেক আগে চিত্রা আন্তনগর এক্সপ্রেস থেকে ৯৬ আসনের একটি এসি বগি তুলে নেওয়া হয়। টিকিট কাটতে আসা নগরের ব্যবসায়ী মাহবুবুল আলম বলেন, ‘খুলনা থেকে ঢাকা যাওয়ার ৯৬ আসনের এসি চেয়ার কম্পার্টমেন্টে প্রতি টিকিটের দাম ছিল ৪৭২ টাকা। যা মধ্যবিত্তের নাগালেই ছিল। যাত্রীও ছিল প্রচুর। তার পরও কেন এটি তুলে নেওয়া হলো বুঝলাম না। খুলনার মানুষের সঙ্গে এ ধরনের তামাশা আর কতকাল চলবে?’ প্রতিদিন অসংখ্য মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্র রোমেল বলেন, খুলনা থেকে ঢাকা যেতে ২২টি স্টেশন টপকাতে হয়। খুলনার দৌলতপুর, দর্শনা, কোটচাঁদপুর, জামতৈল, চাটমোহর, বড়াল ব্রিজ, সদানন্দপুর ও মীর্জাপুরসহ পথে বেশ কয়েকটি রাজনৈতিক স্টপেজ করা হয়েছে। যার কোনো প্রয়োজন নেই। যাত্রীদের স্বার্থে এগুলো এড়ানো গেলে ঢাকায় পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা সময় কম লাগত। খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায়ই খুলনা থেকে ঢাকায় যাওয়ার জন্য বরাদ্দ করা আসনের প্রায় দেড় গুণ যাত্রী বহন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তিন দিন আগে পর্যন্ত টিকিট বিক্রি হয়ে যায়। এ অবস্থায় কমপক্ষে একটি শোভন ও একটি শোভন চেয়ার শ্রেণীর কোচ স্থায়ীভাবে সংযোজনের অনুরোধ জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তিনি আরও বলেন, ঢাকা-খুলনা রেলপথে কিছু অপ্রয়োজনীয় স্টেশনে গাড়ি থামানোর ফলে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। এসব স্টেশনে গাড়ি না থামালে তেমন ক্ষতি ছিল না। কারণ, ওই পথে অনেকগুলো ট্রেন চলাচল করছে। মেরামতে জন্য রেলযাত্রীরা সময়মতো স্টেশনে পৌঁছাতে পারছেন না। খুলনা থেকে প্রতিদিন ছয়টি আন্তনগর ট্রেন ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর যাওয়া-আসা করছে। রয়েছে কয়েকটি লোকাল ট্রেন। প্রতিদিন কয়েক শ যাত্রী এসব ট্রেনে বিভিন্ন গন্তব্যে চলাচল করেন। প্রতিদিনই ট্রেনে যাত্রী চলাচল ও মালামাল পরিবহন বেড়ে চলেছে। অথচ খুলনা রেলস্টেশনে যাত্রীদের চলাচল এবং স্টেশনে সুযোগ-সুবিধার পরিবেশ সেভাবে গড়ে উঠেনি। খুলনা রেলস্টেশনকে ঘিরে সড়কের দুই পাশে অসংখ্য রড, সিমেন্ট, ঢেউটিন, চাল-ডালসহ বিভিন্ন কাঁচামালের আড়ত গড়ে উঠেছে। এসব আড়ত ও দোকানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে মালামাল আসছে এবং এখান থেকে বিভিন্ন স্থানে যাচ্ছে। ফলে পাওয়ার হাউস মোড় থেকে খুলনা রেলস্টেশন পর্যন্ত প্রায় আধ কিলোমিটার সড়কটি অনেক দিন ধরে ট্রাকটার্মিনাল ও বাজারে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নগরের পাওয়ার হাউস মোড়ের পর থেকে স্টেশনসংলগ্ন সড়কে অসংখ্য ট্রাক থেকে বিভিন্ন আড়তে মালামাল ওঠানো-নামানো চলছে। আড়ত ছাপিয়ে এসব মালামালের অধিকাংশই আড়তের সামনের সড়কে রাখা হয়েছে। এ ছাড়া স্টেশনে ঢোকার মুখের চত্বরটিও ট্রাকের দখলে রয়েছে। একদিকে আড়তের মালামাল, অপরদিকে অসংখ্য ট্রাক ও ঠেলাগাড়ি চলাচলের ফলে অন্য যানবাহন চলাচল করতে পারছে না। দেখলে মনে হবে একটি ট্রাকটার্মিনাল বা কাঁচামালের পাইকারি বাজার। স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি একটি কঠিন সমস্যা। ট্রাক ও ঠেলাগাড়ির কারণে সড়ক দিয়ে রেলযাত্রীরা সময়মতো স্টেশনে আসতে পারছেন না। বিষয়টি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ এ ব্যাপারে খুলনার পুলিশ কমিশনার মো. হেলালউদ্দিন বদরী বলেন, ‘খুলনা রেলস্টেশনে যাওয়া-আসার রাস্তাটিতে ট্রাকের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমরা জেনেছি। যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে খুব দ্রুত পুলিশ ব্যবস্থা নেবে।’