খুলনার ল্যাবে আরও দুজনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। ওই দুজনই নারী। এর মধ্যে একজন (৩১) বাড়ি হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলার ঠিকানা ব্যবহার করেছেন। তবে তাঁর বাড়ি ঢাকায়।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, রোববার ওই ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার ৬৯টি এবং বাগেরহাট ও সাতক্ষীরার ১০৩টি নমুনা ছিল। করোনা পজিটিভ শনাক্ত হওয়া অপরজনের (২৬) বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। এ নিয়ে খুলনা মেডিকেল এর পিসিআর ল্যাবে মোট ৩০ জন করোনা রোগী শনাক্ত হলেন। আর খুলনা জেলায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৭।
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনায় আক্রান্ত হওয়া নারী শনিবার স্বামীর সঙ্গে ঢাকা থেকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে আসেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা ১১টার দিকে আবারও ঢাকায় চলে যান। ওই নারীর এক আত্মীয় জানিয়েছেন, কয়েক দিন ঢাকায় পরীক্ষা করাতে ব্যর্থ হয়ে ওই নারী খুলনায় এসে পরীক্ষা করিয়ে আবার ঢাকায় চলে গেছেন। তিনি ঢাকার একটি চুড়ি তৈরির কারখানায় কাজ করেন। ওই নারীর সঙ্গে ঢাকা থেকে আরও এক নারী (২৬) এসে নমুনা পরীক্ষা করিয়েছেন। তবে তাঁর করোনা নেগেটিভ এসেছে।
বাগেরহাটের সিভিল সার্জন মো. হুমায়ূন কবীর বলেন, বাগেরহাটের কচুয়া উপজেলা সংলগ্ন এলাকায় ২৬ বছর বয়স্ক ওই নারী গত শুক্রবার ঢাকা থেকে আসেন। ওই দিন থেকেই তাঁকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। শনিবার তাঁর নমুনা খুলনা মেডিকেল এ পাঠানো হলে আজ পজিটিভ আসে। ওই নারী চট্টগ্রামে একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করেন। সেখান থেকে ঢাকা হয়ে তিনি বাগেরহাটে এসেছেন।