খুলনার শিক্ষার্থীরা অনেক বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনে খুলনা সদর উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা হাতে পেয়েছিল তিনখানা বই। কিন্তু চার দিন পরও বাকি বই তারা হাতে পায়নি। এ ছাড়া সদরের ১৩ হাজার প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীর জন্য বই ও অন্য কোনো শিক্ষা উপকরণই এখন পর্যন্ত স্কুলে পৌঁছায়নি। এ নিয়ে মন খারাপ ছাত্রছাত্রীদের।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, খুলনা সদর উপজেলার আওতায় ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন ৫৭টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩৭টি কিন্ডারগার্ডেনসহ মোট ৩৫০টি বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬৩ হাজার ৯০০ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ছিল ৩ লাখ ৮ হাজার ৫০০টি। এর বাইরে প্রাক্-প্রাথমিক শ্রেণিতে পড়ানো হয় এমন ৩৩৬টি স্কুলে শিক্ষার্থী আছে ১৩ হাজার ৩৩২ জন। শহরের পূর্ব বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দিবা আক্তার, সোহান ও আবিদা সুলতান জানায়, সব বই না পাওয়ায় তাদের মন খারাপ। নতুন বইয়ে কী আছে, কোনো পরিবর্তন হয়েছে কি না, তা তারা বুঝতে পারছে না।
সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহা. আবুল কাশেম বলেন, ‘যে প্রেস থেকে এই ছয়টি বিষয়ের বই পাওয়ার কথা, তারা দেরিতে সরবরাহ করেছে। বুধবার বই হাতে পেয়েছি। শনি-রোববারের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে যাবে।’