খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ‘খুলনার বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতালকে এ অবস্থায় আনতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বর্তমানে এই হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের চিকিৎসা কার্যক্রম শুরু করা হচ্ছে।’ গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষ এখন থেকে এই বিশেষায়িত হাসপাতালের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা পাবে। পর্যায়ক্রমে এই হাসপাতালে সব বিভাগ চালু করা হবে। পূর্ণাঙ্গ ব্যবস্থা শেষে শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সাংসদ শেখ মুজিবর রহমান, মোল্লা জালাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মুনির।