খুলনার শেখপাড়ায় দুই হাজার মানুষ পানির কষ্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের শেখপাড়া পুরাতন মসজিদ এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে ওই এলাকার প্রায় দুই হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সিটি করপোরেশন ইতিপূর্বে পানির সংকট নিরসনে তিনটি চাপকল স্থাপন করলেও এর একটি দুই সপ্তাহ আগে খুলে ফেলা হয়েছে। বাকি দুটি জনসাধারণকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এ কারণে পানিসংকট প্রকট হয়েছে।এলাকাবাসী জানান, খুলনা মহানগরের ২০ নম্বর ওয়ার্ডের শেখপাড়া পুরাতন মসজিদ রোড এলাকায় ওয়াসার পাইপে পানির চাপ এতই কম যে, এক কলসি পানি ভরতেই কয়েক ঘণ্টা পার হয়ে যায়। সেই পানিতেও থাকে ময়লা। চার বছর ধরে এ অবস্থা চলছে। এ কারণে সিটি করপোরেশনের উদ্যোগে ওই এলাকায় তিনটি চাপকল স্থাপন করা হয়। এগুলোর মধ্যে এক বছর আগেই শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় ও শেখপাড়া পুরাতন মসজিদের সামনের নলকূপটি জনসাধারণের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। আর সাবেক ওয়ার্ড কমিশনার গাউসুল আযমের পারিবারিক কবরস্থানে স্থাপিত চাপকলটি দুই সপ্তাহ আগে খুলে ফেলা হয়েছে। এতে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। গত ১১ ফেব্রুয়ারি সরেজমিনে ওই এলাকায় গেলে গৃহবধূ মর্জিনা বেগম বলেন, কবরস্থানের চাপকলটির পানি দিয়ে চলত এলাকার প্রায় দুই হাজার মানুষ। তা খুলে ফেলায় এখন এক মাইল দূর থেকে পানি আনতে হচ্ছে। জাহানারা নামের আরেক গৃহবধূ বলেন, পাঁচ টাকা করে কলস হিসাবে প্রতিদিন ১২ থেকে ১৪ কলস পানি কিনতে হচ্ছে। ওই এলাকার কাউন্সিলর শেখ গাউসুল আযম বলেন, ‘পানির কষ্টের শেষ নেই। আমাকেও পাঁচ টাকা করে কলসি পানি কিনে গোসল করতে হচ্ছে। কিন্তু মুসল্লিরা আপত্তি করায় মসজিদের সামনের চাপকলটি বন্ধ করতে হয়েছে। স্কুল ও মসজিদের নলকূপ দুটি এলাকাবাসীর জন্য নয়। প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ ব্যবহার করতে না দিলে কারও আপত্তি থাকার কথা নয়।’খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা পানি সরবরাহ তত্ত্বাবধায়ক মফিজউদ্দিন আহমেদ বলেন, ওই এলাকায় ওয়াসার একটি বড় পাম্প নষ্ট হওয়ায় পানির চাপ কম। এ কারণে পানির সংকট তৈরি হয়েছে। তবে মসজিদের সামনের নলকূপটি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।