খুলনার সঙ্গে ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে গতকাল বুধবার ভোরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। এ সময় যাত্রী নিয়ে আটকা পড়ে অন্তত ছয়টি ট্রেন। ভোগান্তিতে পড়েন বহু যাত্রী।
রেলওয়ে সূত্র জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থেকে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেন গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গিয়া রেলস্টেশনে পৌঁছায়। এরপর লাইন পরিবর্তন (সান্টিং) করার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রী নিয়ে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা থেকে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস, খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার ও খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে। এ ছাড়া নওয়াপাড়াগামী অপর একটি মালবাহী ট্রেনও এ সময় আটকা পড়ে। এরপর ট্রেনের লাইনচ্যুত বগি ওঠানোর কাজ শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে বগিটি ওঠানো হয়।
নওয়াপাড়া স্টেশনমাস্টার মহাসীন রেজা বলেন, সিঙ্গিয়া রেলস্টেশনে সান্টিং করার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে যাত্রীবাহী ছয়টিসহ মোট সাতটি ট্রেন আটকা পড়ে। খুলনা থেকে রিলিফ ট্রেন এনে দ্রুত লাইনচ্যুত বগি ওঠানোর কাজ শুরু হয়। বগি ওঠানোর কাজ শেষ হওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্য স্টেশনের দিকে ছেড়ে যেতে শুরু করে।