খুলনার সফল জননীর সম্মাননা পেলেন ফরিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা অধিদপ্তরের দেওয়া সফল জননীর সম্মাননা পেয়েছেন খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের ফরিদা বেগম। তাঁর ছয় ছেলে ও দুই মেয়ে আজ উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত।
৭ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদাকে সম্মাননা দেওয়া হয়। নিজের অনুভূতির কথা বলতে গিয়ে চোখে পানি ধরে রাখতে পারেননি তিনি।
ফরিদার স্বজনেরা জানান, তাঁর স্বামী আবদুর রাজ্জাক ছিলেন জেলা কালেক্টরেট কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী। স্বল্প বেতনে ১১ সদস্যের সংসার চলত না। সাত ছেলে ও দুই মেয়ের লেখাপড়া চালানো ছিল অসম্ভব। বাড়তি আয়ের জন্য ফরিদা নানা ধরনের হাতের কাজ শুরু করেন। ওই টাকা দিয়ে চলে সন্তানদের লেখাপড়া। ১৫ বছর আগে এক ছেলে মারা যান।
সন্তানদের মধ্যে বড় ছেলে আবদুল মোমেন চিকিৎসক, শেখ আবুল মাসুম ব্যবসায়ী, শেখ আবু নাইম বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার, শেখ আবুল এহসান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, শেখ আবু সুফিয়ান প্ল্যানিং ইঞ্জিনিয়ার (চীন), শেখ আবদুল আউয়াল সিভিল ইঞ্জিনিয়ার (ইউএসএ)। মেয়ে রাফিয়া রাজ্জাক সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর এবং নাদিয়া রাজ্জাক এমএ ও এলএলবি পড়াশোনা করেছেন।