খুলনার সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কার্যক্রম ঠেকাতে খুলনার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ঈদুল আজহাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর হচ্ছে- ০৪১-৮১২২০০।

আজ রোববার খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ঈদুল আজহাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার মনিটর করা হবে।

সভায় খুলনা নগরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে জরুরি ব্যবস্থা নিতে খুলনা সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়। সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের নির্দিষ্ট ১৬০টি স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে বলা হয়। এ ছাড়া অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মোটরসাইকেলের দ্রুতগতির কারণে দুর্ঘটনা রোধে লিংকরোডগুলোতে গতিরোধক দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় খুলনা জেলা পরিষদ প্রশাসক, সিভিল সার্জন, ডেপুটি পুলিশ কমিশনার, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত জেলা হাকিম, কেসিসি ও র‍্যাবের প্রতিনিধি, খুলনা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, খুলনা নগরের আটটি থানায় গত আগস্ট মাসে দুটি খুন, দুটি ধর্ষণ, ৭৬টি মাদকদ্রব্য মামলাসহ মোট ১৭০টি মামলা দায়ের হয়েছে। জুলাই মাসে এ সংখ্যা ছিল ১৫৮।

জেলার নয়টি থানায় আগস্ট মাসে পাঁচটি খুন, তিনটি ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ৬টি মামলাসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৫৬।