খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনিকে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে প্রায় তিন ঘণ্টা শুনানির পর এই নির্দেশ দেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মো. মনিরুজ্জামান মনি। তারপর তিনি জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এর আগে ১৬ মার্চ ওই মামলায় মো. মনিরুজ্জামানসহ ছয়জনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন মুখ্য মহানগর হাকিম এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ। অভিযোগপত্র দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁরা আদালতে আত্মসমর্পণ না করায় সম্পত্তি ক্রোকের ওই নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর খুলনা নগরের পাওয়ার হাউস মোড়ে বিএনপিসহ ২০-দলীয় জোটের অবরোধ চলার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক অনুকূল চন্দ্র ঘোষ বাদী হয়ে বিএনপি ও জামায়াতের ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আড়াই শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩০ এপ্রিল মনিরুজ্জামান মনিসহ ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন খুলনা সদর থানার এসআই তাপস কুমার পাল।
সূত্র জানায়, আদালত ২০১৫ সালের ২২ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে ওই বছরের ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করে।