খুলনার সাবেক মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অর্থ অপচয়ের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।দুদকের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর রহমান গতকাল বুধবার খুলনা মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৈয়েবুর রহমান বর্তমানে এই মামলায় জামিনে রয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, তৈয়েবুর রহমানের বিরুদ্ধে সরকারের নয় কোটি ৭৪ লাখ ৩১ হাজার ২২৭ টাকা ১১ পয়সা অপচয়ের মাধ্যমে নিজে লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অভিযোগে গত বছরের ৩০ ডিসেম্বর খুলনা সদর থানায় মামলা করেন আমিনুর রহমান।মামলা ও অভিযোগপত্রে বলা হয়, স্থানীয় সরকার, খুলনা সিটি করপোরেশন অধ্যাদেশ, ১৯৮৪-এর ৪৬ ধারা অনুযায়ী এই করপোরেশনের সাংগঠনিক কাঠামোর মঞ্জুরিকৃত মাস্টাররোল শ্রমিকদের মোট পদ ছিল ১৯৯টি। সাধারণ সভা বা অন্য কোনোভাবে এই কাঠামো পরিবর্তন বা নতুন পদ সৃষ্টির ক্ষমতা মেয়রের নেই। তারপরও মেয়র তৈয়েবুর রহমান ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে সরকারের প্রায় ১০ কোটি টাকা অপচয় করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ২০০২ সালের জুলাই থেকে ২০০৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ছয়টি অর্থবছরের জন্য পৃথক ছয়টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।