খুলনার সেই ওসিকে সোনাডাঙ্গা থানার দায়িত্ব দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সদর থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানকে সোনাডাঙ্গা থানার দায়িত্ব (পোস্টিং) দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, বিএনপির ২২ এপ্রিলের হরতালে পিকেটিং করার সময় পুলিশের ওপর বোমা হামলার অভিযোগে নগরের টুটপাড়া সেন্ট্রাল রোড মোড় থেকে খুলনা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হক ও ছাত্রদলের কর্মী ফেরদৌসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের খুলনা থানার দোতলার একটি কক্ষে নিয়ে চোখ বাঁধা হয়। পরে মাহমুদুলকে ঝুলিয়ে নির্যাতন করা হয়। ওই ঘটনার ছবি ও সংবাদ প্রথম আলোসহ বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর ২৩ এপ্রিল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার ওসি কামরুজ্জামানকে তাঁর কার্যালয়ে ন্যস্ত (ক্লোজ) করেন। এ ছাড়া ঘটনার তদন্তে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নির্দিষ্ট সময়ে ওই কমিটি তদন্ত প্রতিবেদন দেয়। কিন্তু পুলিশ কর্মকর্তারা তা প্রকাশ করেননি। এর মধ্যেই গত শনিবার সন্ধ্যায় কেএমপি কার্যালয় থেকে এস এম কামরুজ্জামানকে নগরের সোনাডাঙ্গা থানার দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে ওসি এস এম কামরুজ্জামান বলেন, ‘কমিশনার স্যার দায়িত্ব দিয়েছেন। এখন দায়িত্ব পালন করতে হবে।’ কেএমপির উপকমিশনার (সদর) আজিজুর রহমান কামরুজ্জামানকে সোনাডাঙ্গা থানার দায়িত্ব দেওয়ার কথা নিশ্চিত করেছেন।