খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে গতকাল সোমবার দুপুরে যশোর শহরের চাঁচড়া শ্রমিক ভবনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
দাবিগুলো হলো মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে সরকারি ঘোষণার বাস্তবায়ন, পৌরসভার রাস্তা ও টার্মিনাল ব্যবহার না করলে জোর করে টোল আদায় বন্ধ, চালকদের সনদপ্রাপ্তি ও নবায়নে জটিলতা নিরসন, তল্লাশির নামে পথে পথে পুলিশের হয়রানি বন্ধ এবং কুষ্টিয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব শ্রমিকদের কাছে ফিরিয়ে দেওয়া।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম বক্স। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আজিজ হক, সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহন হোসেন প্রমুখ। মাহাবুব বলেন, ধর্মঘট চলাকালে খুলনা বিভাগের ১০ জেলায় যাত্রী ও পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করবে না। এই বিভাগ থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাবে না কিংবা আসবে না।