খুলনার ১৮৯১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের ১ হাজার ৮৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ২ হাজারের বেশি পদ শূন্য। শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, ১০ জেলায় পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ হাজার ৩২৯টি পদের মধ্যে ৯৫৯টি এবং নতুন জাতীয়করণ হয়েছে এমন ৩ হাজার ৪৫৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদের মধ্যে ৯৩২টি শূন্য রয়েছে। এ ছাড়া এ বিভাগে সহকারী শিক্ষকের মোট ২ হাজার ২৫১টি পদ শূন্য আছে।
এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সবচেয়ে বেশিসংখ্যক পদ খালি আছে বাগেরহাটে। এ জেলার ৩১৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের পদ শূন্য ৪৩৭টি।
বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের সহকারী শিক্ষকের পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান বিঘ্ন হয়। শিক্ষকেরা না পড়াশোনার খবর নিতে পারছেন, না দাপ্তরিক কাজ সঠিকভাবে করতে পারছেন।
খুলনা নগরের পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর আখতার প্রথম আলোকে বলেন, ‘এখন আমি সহকারী ও প্রধান শিক্ষকের দ্বৈত দায়িত্ব পালন করছি। প্রশাসনিক দিক সামলানোর পর প্রতিদিন সাত-আটটা ক্লাস নেওয়া খুবই কষ্টকর। মাঝেমধ্যে একই সময়ে একাধিক ক্লাস নিতে হয়।’
খুলনা শিপইয়ার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোহরা খাতুন বলেন, তাঁর বিদ্যালয়ে ৭৪৭ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন ১২ জন। শিক্ষকের পদ শূন্য আছে চারটি। শিক্ষক-সংকটের কারণে পাঠদানে সমস্যা হচ্ছে। প্রশিক্ষণ বা অসুস্থতাজনিত কারণে কোনো শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
কয়েকজন অভিভাবক বলেন, প্রধান শিক্ষকের পদ খালি থাকায় বিদ্যালয়গুলো অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। বিদ্যালয়গুলোতে নামমাত্র পড়াশোনা হয়।
শিক্ষক-সংকটের বিষয়ে গত বৃহস্পতিবার জানতে চাইলে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে আসলে সবকিছু ঠিকভাবে করা যায় না। জেলায় খালি থাকা প্রধান শিক্ষকের পদগুলো সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে ৬৫ শতাংশ ও সরাসরি নিয়োগে ৩৫ শতাংশ পূরণ করার কথা। কিন্তু বেশ কয়েক বছর ধরে পদোন্নতি ও নিয়োগ বন্ধ রয়েছে। এ কারণে এই সমস্যা বড় হয়ে উঠেছে।
প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগের উপপরিচালক এ কে এম গোলাম মোস্তফা বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার কোনো উপায় নেই। প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি জানিয়ে প্রতি মাসেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠানো হয়। প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বিষয়টি এখন পিএসসিতে প্রক্রিয়াধীন।