খুলনার ২৬ কাঁচাবাজারে ধর্মঘট চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়তদার ও ব্যবসায়ীদের বিরোধকে কেন্দ্র করে খুলনা নগরের ২৬টি কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ীরা তিন দিন ধরে ধর্মঘট পালন করছেন। ফলে খুলনার কাঁচাবাজারগুলো তরিতরকারিশূন্য হয়ে পড়েছে। চরমে পৌঁছেছে সাধারণ মানুষের ভোগান্তি।ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালসংলগ্ন সিটি করপোরেশনের তদারকিতে চলা পাইকারি কাঁচা তরিতরকারির আড়তে খুচরা ব্যবসায়ী শফিকুল ইসলামের সঙ্গে দরদাম নিয়ে এক বেপারির বিরোধ বাধে। এর সূত্র ধরে আড়তদার আবদুল জলিল ভুট্টোর কাছে ঘটনা জানার সময় দুজনের মধ্যে মারামারি বেধে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নগরের ২৬ বাজারের ব্যবসায়ীদের সভাপতি ইকবাল হোসেন ও সম্পাদক নিজাম উদ্দিনসহ ৮-১০ জন আড়তদারদের কাছে ঘটনার প্রতিবাদ জানান। তখন কেসিসি কাঁচাবাজার আড়তদার ও ব্যবসায়ীরা নিজেদের মধ্যে কথা বলাবলি শেষে ইকবাল-নিজামসহ তাঁদের ওপর চড়াও হয়ে মারপিট করেন। এর প্রতিকার চেয়ে ২৬টি বাজারের ব্যবসায়ীরা গত বৃহস্পতিবার থেকে সব ধরনের তরিতরকারি কেনাবেচা বন্ধ করে দিয়েছেন। ফলে খুলনার সর্বস্তরের মানুষ পড়েছে চরম বিপাকে। বিভিন্ন এলাকা থেকে আসা কিছু তরিতরকারিই এখন একমাত্র ভরসা।এ প্রসঙ্গে ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘আড়তদার জলিল মিয়া আমাকে ডেকে ঘটনা শুনে একটা চড় মারলে আমিও তাঁকে একটা চড় মারি। তখন ওরা আমাকে আরও মারলে আমার লোকজন থেকে হাসপাতালে ভর্তি করে দেয়।’নগরের ২৬টি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ঘটনার প্রতিকার চাইতে সমিতির নেতা-কর্মীরা আড়তদার সমিতির নেতাদের কাছে গেলে সমিতির সম্পাদক নাসির শেখসহ অনেকে এসে তাঁদের মারপিট করেন।কেসিসি কাঁচাবাজার আড়তদার সমিতির সদস্যসচিব নাসির শেখ বলেন, ‘আমাদের সঙ্গে ওদের কোনো বিরোধ হয়নি। আসলে তারা বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গেই বিরোধ হয়েছে।’ দ্রুত বিরোধ মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।