খুলনার ৩৯৯ বিদ্যালয়ে শিক্ষক নেই, বিপাকে পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চারু ও কারুকলাকে আবশ্যিক বিষয় ঘোষণা করা হয়। এরপরও খুলনার ৩৯৯টি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও কলেজিয়েট স্কুলে সংশ্লিষ্ট বিষয়ের কোনো শিক্ষক নেই। শিক্ষকের অভাবে জেলার প্রায় ৩০-৩৫ হাজার পরীক্ষার্থী ঠিকভাবে কিছু না শিখেই এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এতে বিপাকে পড়ছে শিক্ষার্থীরা।
জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মানোয়ার হোসেন বলেন, ‘চারু ও কারুকলা বিষয়টি চালু হলেও এখনো এ বিষয়ে কোনো পদ সৃষ্টি করা হয়নি। আশা করি, শিগগিরই এ বিষয়ে পদ সৃষ্টি করা হবে।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে সারা দেশে জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে। চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে ১৮ নভেম্বর। এই পরীক্ষায় জেলার ওই ৩০-৩৫ হাজার পরীক্ষার্থী অংশ নেবে।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৫০ নম্বরের জন্য চারু ও কারুকলা বিষয় আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া নবম ও দশম শ্রেণিতে ১০০ নম্বরের ঐচ্ছিক বিষয় হিসেবে চারু ও কারুকলা নেওয়ার সুযোগ আছে। ২০১৩ সাল থেকে জেএসসি পরীক্ষার্থীরা এ বিষয়ে পরীক্ষা দিচ্ছে। জেএসসিতে ৫০ নম্বরের মধ্যে ৩৫ নম্বর রচনামূলক অংশে চিত্র আঁকা, নকশা করা ও রং করার কাজ আছে।
খুলনা মহানগর ও জেলার নয়টি উপজেলার ৪০২টি বিদ্যালয়ের মধ্যে ৩১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ৩৪৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি কলেজিয়েট স্কুলসহ মোট ৩৯৯টি বিদ্যালয়ে এ বিষয়ের কোনো শিক্ষক নেই। তবে নগরের খুলনা জিলা স্কুল, সরকারি করোনেশন বালিকা উচ্চবিদ্যালয়, খুলনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ বিষয়ের শিক্ষক আছে।
খুলনা গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭৪ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্দীপ কুমার ঢালী বলেন, নগরের অন্য তিন সরকারি বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক থাকলেও এ বিষয়ে তাঁদের শিক্ষক নেই। সাধারণ শিক্ষকেরাই এ বিষয়ে পাঠদান করে থাকেন। দাকোপের চালনা বাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, ফুলতলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাসসহ জেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষকেরা এ বিষয়ে শিক্ষক না থাকার কথা জানান।
নগরের বাইরের জেলার ১০টি বিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী বলে, এ বিষয়ে শিক্ষক না থাকায় তারা সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। এ কারণে পরীক্ষায় ফলও খারাপ হতে পারে।