খুলনার ৬৭ ইউনিয়নে সাত নারী চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামগঞ্জে মাইকে করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার চলছে। পোস্টারও টাঙানো হচ্ছে বিভিন্ন স্থানে। গতকাল খুলনার ফুলতলা উপজেলার আটরা এলাকা থেকে তোলা ছ​িব l প্রথম আলো
গ্রামগঞ্জে মাইকে করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার চলছে। পোস্টারও টাঙানো হচ্ছে বিভিন্ন স্থানে। গতকাল খুলনার ফুলতলা উপজেলার আটরা এলাকা থেকে তোলা ছ​িব l প্রথম আলো

খুলনার ৬৭টি ইউনিয়নের ৩১৩ জন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ভোটযুদ্ধে নেমেছেন সাতজন নারী প্রার্থী। এসব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কোনো নারী চেয়ারম্যান প্রার্থী না দিলেও বিএনপি দুটি ইউনিয়নে নারী প্রার্থী দিয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২২ মার্চ অনুষ্ঠেয় জেলার ৬৭টি ইউপি নির্বাচনে দাকোপ উপজেলার তিলডাঙা ইউনিয়নে রাশিদা খাতুন, বটিয়াঘাটার জলমা ইউনিয়নে ভগবতী গোলদার, ফুলতলার দামোদর ইউনিয়নে জাকিয়া হাসিন, কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নে হোসনেয়ারা বেগম এবং পাইকগাছার লতা ইউনিয়নে লক্ষ্মীরানী গোলদার, কপিলমুনিতে শারমিন আরা ও সোলাদানায় ইয়াসমিন আক্তার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লক্ষ্মীরানী ও জাকিয়া হাসিন বিএনপির মনোনীত প্রার্থী। ভগবতী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, শারমিন আরা কপিলমুনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি প্রার্থী মোড়ল শাহাদাৎ হোসেনের স্ত্রী। ইয়াসমিন আক্তার সোলাদানা ইউনিয়নের বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম এনামুল হকের স্ত্রী। হোসনেয়ারা বেগম মহেশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা শাহাবুদ্দীনের স্ত্রী। রাশিদা নারীদের সংগঠন নারী বিকাশ কেন্দ্রের সদস্য।
এসব নারী চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের বেশির ভাগই এলাকার ও নারীর উন্নয়নের জন্য প্রার্থী হয়েছেন।
জলমা ইউপির ভগবতী গোলদার বলেন, ‘তৃণমূল পর্যায়ে ভোট স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। আমি ৫ হাজার টাকা দিয়ে দলের মনোনয়ন কিনেছিলাম। কিন্তু রাতারাতি ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করে আমাকে না জানিয়ে অন্য আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়। এলাকার উন্নয়নে এবং নারীর ক্ষমতায়নে আমি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার ইউনিয়নে নারী ভোটার বেশি, জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।’ বটিয়াঘাটা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার ক্ষোভের সঙ্গে বলেন, ‘স্নাতক পাস করার পরও আমরা দলে মূল্যায়ন পাইনি। অথচ পুরুষেরা স্বশিক্ষিত হয়েই অনেক কিছু পেয়ে যায়। প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের স্বপ্ন তাহলে কীভাবে বাস্তবায়িত হবে?’
মহেশ্বরীপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হোসনেয়ারা বলেন, তাঁর স্বামী মোল্লা শাহাবুদ্দীন বিভিন্ন সময়ে ৩৫ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। স্বামীর রেখে যাওয়া কাজের পাশাপাশি তিনি নারীর উন্নয়নে কাজ করে যেতে চান। প্রচার-প্রচারণায় বাধা পাচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম দিকে একজন প্রার্থীর কাছ থেকে হুমকি-ধমকি এলেও এখন আর কোনো সমস্যা হচ্ছে না।
লতা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী লক্ষ্মীরানী গোলদার প্রথম আলোকে বলেন, তিনি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন। কিন্তু চেয়ারম্যানের অসহযোগিতায় তিনি ঠিকমতো কাজ করতে পারেননি। তাই তিনি লতাকে অন্য রকম এক ইউনিয়নে পরিণত করতে দলের মনোনয়ন চান। বিএনপি তাঁকে মনোনয়নও দেয়। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রচারে কোনো বাধা পাইনি। নির্বাচিত হলে নারীর উন্নয়নসহ একটা মডেল ইউনিয়ন বানাব।’
ফুলতলার দামোদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকিয়া হাসিনও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। দামোদরকে আরও উন্নত করতে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
এদিকে সোলাদানা ইউনিয়নের প্রার্থী ইয়াসমিন আক্তার তাঁর স্বামীর পক্ষেই প্রচারণা চালাচ্ছেন। নিজে প্রার্থী হয়ে স্বামীর জন্য ভোট চাইছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এনামুলের নামে মামলা ছিল। তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে—এমন আশঙ্কায় প্রার্থী হয়েছিলাম। পরে বিশেষ কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করিনি।’ একই অবস্থা কপিলমুনির শারমিন আরার ক্ষেত্রেও। তিনিও কাজ করছেন স্বামীর পক্ষে। তিলডাঙা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাশিদা খাতুন বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। এ ছাড়া আমি নারী। তাই কিছুটা চাপ তো আছেই।’