খুলনাসহ ১৮ সড়কপথে বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনাসহ ১৮টি সড়কপথে গতকাল শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। সড়ক ও মহাসড়কে অবৈধ নছিমন, করিমন ও শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।খুলনার রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক জানান, খুলনা, বাগেরহাট, মংলা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, ঝালকাঠি, গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের চারটি বাস মালিক সমিতি ও চারটি শ্রমিক সংগঠনের নেতাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নুরুল হক আরও জানান, অবৈধ যানবাহনের কারণে একদিকে যেমন সড়ক দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে এ অঞ্চলের পরিবহন মালিকেরা ক্ষতির শিকার হচ্ছেন। এসব যানবাহন চলাচল বন্ধের জন্য এ অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিকেরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন করে আসছেন। কিন্তু প্রশাসনের অস্পষ্ট অবস্থানের কারণে আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।অপরদিকে এই ধর্মঘটের সঙ্গে আজ শনিবার থেকে একাত্মতা ঘোষণা করেছে খুলনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট মোটর শ্রমিক ইউনিয়ন। এ সম্পর্কে খুলনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘একই দাবিতে আমরাও জরুরি বৈঠক ডেকে এই ধর্মঘটের ডাক দিই। শনিবার থেকে এটি কার্যকর হবে।’