খুলনায় অক্টোবর থেকে ব্যাংকে পৌরকর দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পৌরকর পরিশোধের জন্য নগরবাসীকে আর নগর ভবনে যেতে হবে না। এখন থেকে বাড়ির মালিকেরা জনতা ব্যাংক লিমিটেডের ১১টি শাখার মাধ্যমে পৌরকর জমা দিতে পারবেন। গত বৃহস্পতিবার কেসিসির সঙ্গে জনতা ব্যাংকের কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক এতে সভাপতিত্ব করেন।বর্তমানে হোল্ডিং (বাড়ি) মালিকদের কেসিসিসিতে এসে পৌরকর জমা দিতে হয়।সিদ্ধান্ত অনুযায়ী জনতা ব্যাংকের মিরেরডাঙ্গা শাখায় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের; দৌলতপুর শাখায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের; খালিশপুর শাথায় ৭, ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের; আলমনগর শাখায় ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের; নূরনগর শাখায় ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের; কেডিএ শাখায় ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের; খান এ সবুর রোড শাখায় ২৩ নম্বর ওয়ার্ডের; গল্লামারী বাজার শাখায় ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের; হাজি মুহসীন রোড শাখায় ২২, ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের; হেলাতলা রোড শাখায় ২১ নম্বর ওয়ার্ডের এবং রূপসা শাখায় ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের পৌরকর গ্রহণ করা হবে।নগরের হোল্ডিং মালিকেরা আগামী অক্টোবর মাস থেকে জনতা ব্যাংকের নির্ধারিত শাখায় পৌরকর জমা দিতে পারবেন। এ বিষয়ে কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।