খুলনায় অগ্নিকাণ্ডে অর্ধশত বস্তিঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের রেলওয়ে হাসপাতালের পেছনের বস্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগে। আগুনে প্রায় অর্ধশত বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন দ্রুত বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়লে বস্তিবাসী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। দূর থেকে আগুনের শিখা দেখে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় ডাকবাংলা, হকার্স মার্কেট, ক্লে রোড এবং নিক্সন মার্কেট বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ওই বস্তির বাসিন্দা নাছিমা বেগম জানান, আগুনে ফরহাদ, মাসুদ, শাহজাহান, বাবু, শামীম, নাজুর ঘরসহ বস্তির অধিকাংশ ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে দৌলতপুর, খালিশপুর, টুটপাড়া ও বয়রা ফায়ার স্টেশনের ১১টি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। দৌলতপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ জানান, বস্তিঘরগুলোর কাছাকাছি পৌঁছানোর সমস্যা থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফায়ার সার্ভিসের খুলনা জেলার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বস্তির ৪৮টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।আগুন লাগার খবর পেয়ে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, স্থানীয় সাংসদ নজরুল ইসলাম এবং খুলনার জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।