খুলনায় অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের হীরা বেগম (২৫) নামের এক গৃহবধূ গত সোমবার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝগড়া করে সোমবার সকালে হীরা বেগমকে ঘরে আটকে তাঁর স্বামী বখতিয়ার মোল্লা (৩৫), শাশুড়ি আছিয়া বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন মারধর করে। একপর্যায়ে তারা হীরার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।হাসপাতাল সূত্রে জানা গেছে, সারা শরীরে পোড়া ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর জরুরিভাবে হীরাকে ঢাকা মেডিকেলে নিতে বলা হয়। কিন্তু তাঁকে নিয়ে যাওয়ার মতো কোনো লোক তখন হাসপাতালে ছিল না। বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।খুলনা মেডিকেলের সার্জারি-২ ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ মণ্ডল বলেন, ওই গৃহবধূকে ঢাকা মেডিকেলে নিতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।হীরা বেগমের মা ফিরোজা বেগম বলেন, ‘হীরাকে প্রায়ই নির্যাতন করতেন তাঁর শাশুড়ি। শুনেছি, সোমবার জামাই ও তাঁর মা মিলে হীরার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।’ হীরার স্বামী বখতিয়ার মোল্লা মুঠোফোনে বলেন, ‘সন্তান প্রসবের পর ছয় মাস ধরে পেটের ব্যথায় ভুগছিল আমার স্ত্রী। তাই সে আত্মহত্যা করেছে। আমি বা আমার মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ মিথ্যা।’দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আলী নেওয়াজ বলেন, ‘শুনেছি মোল্লাডাঙ্গা গ্রামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।’