খুলনায় অনুমতি ছাড়া ব্যবহূত হচ্ছে এসিড, নজরদারি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলায় এসিড নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে ২০১০ সালে এসিডদগ্ধদের মধ্যে সরকারি অনুদান বিতরণ করা হয়। দুই মাস পর পর ওই কমিটির বৈঠক হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই বলে জানা গেছে।এদিকে জেলার অধিকাংশ স্বর্ণের দোকানদার অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়াই এসিড ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিরোধে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।প্রশাসন ও বেসরকারি সংস্থা সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটি ও জেলা এসিড অপরাধ মামলা মনিটরিং কমিটি দুটি পরিচালিত হচ্ছে। ২০১০ সালে ওই কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিন লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ পায়। ৩০ সেপ্টেম্বর তিনটি শ্রেণীতে ৫১ জনের মধ্যে ওই টাকা বিতরণ করা হয়। বর্তমানে ওই কমিটির তহবিলে ৬৩ হাজার ৭৩০ টাকা জমা আছে। এসিডদগ্ধদের সহায়তার জন্য ওই কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও অর্থ চাইলেও এখনো কোনো বরাদ্দ মেলেনি।জেলায় অনেক স্বর্ণের দোকান থাকলেও লাইসেন্স আছে মাত্র ৬১৩টির। আর এসিড ব্যবহারের লাইসেন্স নিয়েছে ১৫০টি। ব্যাটারি প্রস্তুতকারী ৩৫টি দোকান, স্কুল-কলেজ ও সরকারি প্রতিষ্ঠান মিলিয়ে ২০টি এবং অন্যান্য ৪০টি প্রতিষ্ঠানের এসিড ব্যবহারের লাইসেন্স আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি খুলনার সভাপতি নিমাই সরকার বলেন, ‘লাইসেন্সধারী দোকানের বাইরেও জেলায় আরও স্বর্ণের দোকান আছে। আমরা সবাইকে লাইসেন্স করে ব্যবসা করতে বলি।’ তবে তিনি স্বর্ণের দোকান থেকে এসিড সাধারণ মানুষের হাতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শুধু আমরা নই, যারা ব্যাটারি বানায়, তারাও তো এসিড ব্যবহার করে।’ স্বর্ণের দোকানে লাইসেন্স ছাড়া এসিড ব্যবহার রোধে ব্যবস্থা না থাকা প্রসঙ্গে জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার বলেন, ‘আমরা এখন থেকে কার্যকর ব্যবস্থা নেব।’বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘের প্রকল্প কর্মকর্তা আয়শা আখতার বলেন, ‘সরকারি বরাদ্দ আসার পর আমরা খুলনা জেলায় ১০১ জন এসিডদগ্ধ অসহায় মানুষের তালিকা তৈরি করি। পরে তাদের ৫, ৭ ও ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তার পর থেকে ওই কমিটির বৈঠক হলেও বাস্তবে তেমন কিছু হয় না।’জেলা প্রশাসকের পক্ষে এসিডসংক্রান্ত দুটি কমিটির সার্বিক তত্ত্বাবধান করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রহমান। এসিডদগ্ধদের সহয়তা ও সহজলভ্যতা নিয়ন্ত্রণে তাঁদের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মোমিনুর রহমান বলেন, ২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে টাকা পাওয়ার পর এসিডে ক্ষতিগ্রস্ত ৫১ জনের মধ্যে দুই লাখ ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ চাইলেও আসেনি। তবে প্রতি দুই মাসে নিয়মিত বৈঠক তাঁরা করছেন। গত ২৭ ডিসেম্বর সর্বশেষ বৈঠক হয়েছে। সেখানে এসিডের অপব্যবহার রোধ ও লাইসেন্স গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কার্যক্রম নিয়ে আলোচনা হয়।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা বলেন, ‘এসিডে আক্রান্ত লোকজন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এলে আমরা তাদের মামলা ও চিকিৎসা চালাতে সহায়তা করি।’