খুলনায় অপহূত মাসুদকে উদ্ধারে মানববন্ধন
খুলনার পাট ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারের বড় ছেলে কলেজছাত্র আল মাসুদকে উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার নগরের দৌলতপুর মহসিন মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। পাট ব্যবসায়ীদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।বক্তারা বলেন, ১৫ দিন পার হলেও পুলিশ মাসুদকে উদ্ধার করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তাকে উদ্ধারে ব্যর্থ হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।আলাউদ্দিন হাওলাদার জানান, আল মাসুদ গত ১৭ মে অপহূত হয়। পুলিশের দাবি: তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) দাবি করেছে, মাসুদকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় হত্যাকারীরা। গতকাল বিকেলে কেএমপি সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হাসান মো. শওকাত এ কথা জানান। হাসান মো. শওকাত জানান, মাসুদের লাশ গত ১৯ মে ডুমুরিয়া উপজেলার একটি নদী থেকে উদ্ধার করা হয়। মাসুদের লাশ উদ্ধারের পর তাঁর সৎ মামা সাইফুল ইসলাম, জামাল হোসেন ও ফিরোজ গাজীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তবে আলাউদ্দিন হাওলাদার জানান, ডুমুরিয়া নদী থেকে উদ্ধার হওয়া লাশটি তাঁর ছেলের নয়।